ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন খোদেজা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা।
আজ সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা-ফরিদপুর রেললাইনের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া রেলসেতুর ওপর এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা খোদেজা খাতুন ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের আইয়ুব শেখের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহজালাল বলেন, ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী রাজবাড়ী এক্সপ্রেস নামের লোকাল ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা সেতুর ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি, ওই বৃদ্ধা সেতুটি পার হচ্ছিলেন।
সার্জেন্ট মো. শাহজালাল আরও বলেন, খবর পেয়ে আমরা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের ম্যানেজার রনি বেপারী জানান, রাজবাড়ীগামী রাজবাড়ী এক্সপ্রেস নামের লোকাল ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171801