আজ বেস্ট ফ্রেন্ড দিবস

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

লাইফস্টাইল ডেস্ক : জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলো যেমন বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করা যায়, তেমনি কঠিন সময়েও যে মানুষটি নিঃস্বার্থভাবে পাশে থাকে, তিনিই হয়ে ওঠেন সবচেয়ে কাছের বন্ধু। সেই বিশেষ বন্ধুত্বকে উদযাপন করতেই প্রতি বছর ৮ জুন পালিত হয় ‘ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে’।

বন্ধুত্ব হলো এমন এক মূল্যবান সম্পদ, যা আমাদের জীবনে অনেক ভালো কিছু অর্জন করতে সাহায্য করে। জীবনজুড়ে হাজার হাজার বন্ধু হয়। জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যায় কজন! সত্যিকারের বন্ধু, প্রিয় বন্ধু, পরম বন্ধু, ইংরেজিতে যাকে বলে ‘বেস্ট ফ্রেন্ড’।

আজ ৮ জুন, বিশ্ব ‌‘বেস্ট ফ্রেন্ড’ দিবস। প্রতিবছর এ দিনটিকে স্মরণীয় করতে অনেক রকমের পরিকল্পনা থাকে ‘বেস্ট ফ্রেন্ড’- কে নিয়ে। গবেষণা বলছে, প্রতি ১২ জনে একজন হয় পরম বন্ধু। আবার একই সময়ে মানুষের দুইয়ের অধিক ‘বেস্ট ফ্রেন্ড’ থাকে না। ঠিক যেন প্রেমের মতোই ব্যাপার।

জীবনের কোনো না কোনো সময়ে প্রায় প্রত্যেকেরই একজন করে প্রিয় বন্ধু থাকে, যার সঙ্গে সব অনুভূতি ভাগ করে নেওয়া যায়। অনেকেই তাকে ভালোবেসে ডাকেন ‘বেস্টি’। আর আজকের দিনটি সেই বিশেষ সম্পর্ককে আরও একবার মনে করিয়ে দেওয়ার দিন।

কেন এত গুরুত্বপূর্ণ বেস্ট ফ্রেন্ড

বিশেষজ্ঞরা বলেন, বেস্ট ফ্রেন্ড এমন একজন মানুষ যিনি একাকিত্ব, দুঃখ বা হতাশার সময়ে পাশে থাকেন। আবার জীবনের আনন্দের মুহূর্তেও সমানভাবে অংশ নেন। কোনো সমস্যা হলে নিঃসংকোচে তার সঙ্গে কথা বলা যায়।

বন্ধু শুধু সান্ত্বনা দেয় না, বরং ছোট ছোট বিষয়েও খেয়াল রাখে— কখনো মন ভালো করে দেয়, কখনো নিঃশব্দে পাশে দাঁড়ায়।

বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবসের ইতিহাস

১৯৩৫ সালের ৮ জুন এই দিনটিকে পালন করার স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। আগস্ট মাসের প্রথম রবিবার জাতীয় বন্ধুত্ব দিবস এবং ৮ জুন বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস পালন করার কথা ঘোষণা করে তারা। এই সময় এই দিনটি জনপ্রিয় না হলেও সময়ের সঙ্গে সঙ্গে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজ এই দিনটি ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বজুড়ে।

কেন পালন করা হয় বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস

প্রিয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যেই পালন করা হয় এই দিনটি। আপনার জীবনে তার ভূমিকা কতখানি, তা মনে করিয়ে দেওয়ার মাধ্যমেই আপনি পালন করতে পারেন এই দিনটি।

স্মৃতির মানুষদের স্মরণ

যাদের প্রিয় বন্ধু আর জীবনে নেই, তাদের জন্যও দিনটি বিশেষ। পুরোনো স্মৃতি মনে করে সেই বন্ধুত্বকে সম্মান জানানোর একটি আবেগঘন সময় আজকের এই দিন।

বন্ধুত্ব জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে সুখ-দুঃখ সবই ভাগ করে নেওয়া হয়।

কীভাবে পালন করবেন করবেন এই দিন

সারাদিনের ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিজের প্রিয় বন্ধুর সঙ্গে সময় কাটান। চেষ্টা করুন, তার পছন্দের জিনিস তাকে উপহার দিয়ে তাকে আনন্দ দেওয়ার। জানান, আপনি তাকে কতটা ভালোবাসেন। এভাবেই একটা দিন ধার্য রাখুন আপনার প্রিয় বন্ধুর জন্য।

এদিকে বিশেষজ্ঞদের মতে, একজন সত্যিকারের ভালো বন্ধু শুধু আনন্দের সঙ্গী নন, বরং এমন একজন মানুষ, যার ওপর নির্ভর করা যায়, যিনি বিপদে-আপদে পাশে থাকেন এবং সব পরিস্থিতিতে সমর্থন দেন।

এদিন বিশ্বজুড়ে মানুষ তাদের সবচেয়ে প্রিয় বন্ধুদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ, শুভেচ্ছা বার্তা কিংবা একসঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে বন্ধুত্বের এই বন্ধনকে আরও দৃঢ় করার চেষ্টা করেন অনেকে।

তাই আজকের দিনটি হোক বন্ধুত্বের গল্প বলার, স্মৃতি ভাগাভাগি করার এবং সবচেয়ে কাছের মানুষটিকে ধন্যবাদ জানানোর দিন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171799