নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলস্টেশনে যাত্রী দুর্ভোগ সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যাবাহী আহসানগঞ্জ রেলস্টেশনে যাত্রীসেবার মান চরমভাবে ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো প্ল্যাটফর্ম জুড়ে তৈরি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। জরাজীর্ণ যাত্রী ছাউনি, খানাখন্দ আর অব্যবস্থাপনায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই রুটে যাতায়াতকারী শত শত ট্রেনযাত্রী। চলতি বর্ষা মৌসুমে এই দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।
ভৌগোলিক ও বাণিজ্যিক দিক থেকে আহসানগঞ্জ রেলস্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওগাঁ জেলার অন্যতম বৃহৎ এই স্টেশন থেকে প্রতি মাসে সরকারের লাখ টাকা রাজস্ব আয় হয়, যা এই অঞ্চলের অন্যান্য স্টেশনের তুলনায় অনেক বেশি।
বর্তমানে স্টেশনটির প্ল্যাটফর্মের যাত্রী ছাউনির টিনগুলো ঝাঁঝরা হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই উপর থেকে পানি পড়ে পুরো প্ল্যাটফর্ম তলিয়ে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকে।
এছাড়া প্ল্যাটফর্মের ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি ও কাদা জমে থাকায় যাত্রীদের দাঁড়ানোর মতো কোনো জায়গা থাকে না। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা পড়েন চরম বিপাকে। এর ওপর প্ল্যাটফর্মে যাত্রীদের বসার কোনো ব্যবস্থা না থাকায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েই ট্রেনের অপেক্ষা করতে হয়।
বর্তমানে এই স্টেশনে ঢাকা-চিলাহাটি ও ঢাকা-পঞ্চগড় রুটে ২ জোড়া আন্তঃনগর, রাজশাহী-চিলাহাটি ও রাজশাহী-পঞ্চগড় রুটে ৩ জোড়া আন্তঃনগর ও ১ জোড়া মেইল ট্রেন এবং খুলনা-চিলাহাটি রুটে ১ জোড়া আন্তঃনগর ট্রেনের স্টপেজ (যাত্রাবিরতি) রয়েছে। এত বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করলেও সুযোগ-সুবিধা না বাড়ায় স্থানীয় জনগণের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
যোগাযোগ করা হলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার আহাম্মদ হোসেন মাসুম জানান, আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্ম ও যাত্রী ছাউনি সংস্কারের জন্য কয়েক মাস আগে একটি দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছিল। কিন্তু কোনো ঠিকাদার অংশ না নেওয়ায় তা বাতিল হয়ে যায়। তবে খুব দ্রুতই নতুন করে আবার দরপত্র আহ্বান করা হবে। আগামী অর্থ বছরের মধ্যেই কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171795