বগুড়ার ধুনটে হামলা চালিয়ে সাংবাদিককে মারপিট মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় প্রকাশ্য দিনের বেলায় মাদক দ্রব্য বিক্রয়ের দৃশ্য ভিডিও ধারণকালে হামলা চালিয়ে সাংবাদিক গোলাম রব্বানীকে (৪৮) আহত করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ সময় আহত সাংবাদিকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে আল আমিন (৩৮) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে।
এ ঘটনায় আহত সাংবাদিকের ছোট ভাই রবিউল হাসান বাদি হয়ে আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আজ সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আল আমিন গোসাইবাড়ি মাস্টারপাড়ার ইব্রাহীম হোসেনের ছেলে।
আহত সাংবাদিক গোলাম রব্বানী একই এলাকার পূর্বগুয়াডহরী গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি দৈনিক নববানী ও মানাস মিডিয়ার উপজেলা প্রতিনিধি। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক চালক মাদক ব্যবসায়ী আল আমিন বিভিন্ন জেলায় ট্রাক চালানোর কারণে দেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে সে গোসাইবাড়ি বাজার এলাকাতেও প্রকাশ্য বিভিন্ন ধরণের মাদক দ্রব্য বিক্রয় করে।
এ অবস্থায় আজ সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে গোসাইবাড়ি বাজারের আমতলা চারমাথা এলাকায় প্রকাশ্য মাদক দ্রব্য বিক্রি করছিল আল আমিন। এ সময় সাংবাদিক গোলাম রব্বানী ওই দৃশ্য ভিডিও ধারণ করতে থাকেন। তখন আল-আমিন ক্ষুব্ধ হয়ে গোলাম রব্বানীর ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথা থেতলে দেয়।
তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত গোলাম রব্বানীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, হামলা চালিয়ে সাংবাদিককে আহত করার মামলায় গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে আসামি আল আমিনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171794