হারুক বা জিতুক, হৃদয়ে শুধু আর্জেন্টিনা : মনিরা মিঠু

হারুক বা জিতুক, হৃদয়ে শুধু আর্জেন্টিনা : মনিরা মিঠু
ফুটবল বিশ্বে আর্জেন্টিনার প্রতি সমর্থকদের ভালোবাসা নতুন কিছু নয়। দেশের অনেক তারকার মতো জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুও আর্জেন্টিনার একজন নিবেদিতপ্রাণ সমর্থক। প্রিয় দলের প্রতি নিজের আবেগ ও ভালোবাসার কথা বলতে গিয়ে তিনি জানালেন, জয়-পরাজয় যাই হোক, তার হৃদয়ে সবসময় আর্জেন্টিনাই থাকবে।
 
সম্প্রতি এক আলাপচারিতায় মনিরা মিঠু বলেন, ‘আমি হেরে গেলেও আর্জেন্টিনা, জিতে গেলেও আর্জেন্টিনা। দলের ফলাফল দিয়ে আমার সমর্থন বদলায় না। ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে ভালোবেসে আসছি।’
 
তিনি জানান, তার আর্জেন্টিনা-প্রেমের শুরু শৈশব থেকেই। বড় ভাইয়ের কাছ থেকেই তিনি প্রথম আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য, কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা এবং দলের ইতিহাস সম্পর্কে জানতে পারেন।
 
মনিরা মিঠু বলেন, ‘জন্মের পর থেকেই বলতে গেলে বড় ভাইয়ের কাছ থেকে আর্জেন্টিনার গল্প শুনে বড় হয়েছি। ভাই সবসময় বলতেন, আজকে ম্যারাডোনার খেলা হবে, ঘুমানো যাবে না। তখন আমার বয়স খুব বেশি হলে সাত বছর। সারা রাত জেগে টেলিভিশনের সামনে বসে থাকতাম। ম্যারাডোনার জাদুকরী ফুটবল দেখতাম। মাঠে তার দৌড়, ড্রিবলিং আর গোল করার মুহূর্তগুলো আমাকে মুগ্ধ করত।’
 
তিনি আরও বলেন, ‘ম্যারাডোনা যখন গোল করতেন, তখন মনে হতো অসাধারণ কিছু দেখছি। সেই অনুভূতি এখনও ভুলতে পারিনি। ছোটবেলার সেই স্মৃতিগুলোই আমাকে আর্জেন্টিনার সঙ্গে গভীরভাবে যুক্ত করে রেখেছে।’
অভিনেত্রীর ভাষ্য, ফুটবল তার কাছে শুধুই একটি খেলা নয়, বরং আবেগ, স্মৃতি এবং ভালোবাসার একটি অংশ। তাই দল হারলেও তার সমর্থনে কোনো পরিবর্তন আসে না।
 
‘জয় অবশ্যই আনন্দের। আর্জেন্টিনা জিতলে উৎসবের অনুভূতি হয়, পরিবারের সবাই মিলে আনন্দ করি। কিন্তু হারলেও আমি দলকে ছেড়ে যাই না। কারণ সত্যিকারের সমর্থন মানে শুধু জয়ের সময় পাশে থাকা নয়, কঠিন সময়েও দলের সঙ্গে থাকা’, বলেন তিনি।
 
মনিরা মিঠুর মতে, ম্যারাডোনার সময় থেকে শুরু হওয়া আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা আজও অটুট রয়েছে। নতুন প্রজন্মের তারকা ফুটবলারদের খেলাও তিনি নিয়মিত অনুসরণ করেন। তবে শৈশবের সেই ম্যারাডোনা-স্মৃতি তার ফুটবল ভালোবাসার সবচেয়ে মূল্যবান অধ্যায় হয়ে আছে।
 
তিনি বলেন, ‘ফুটবল বদলেছে, সময় বদলেছে, খেলোয়াড় বদলেছে। কিন্তু আর্জেন্টিনার প্রতি আমার ভালোবাসা বদলায়নি। আমি সবসময় আর্জেন্টিনার সমর্থক ছিলাম, আছি এবং থাকব।’
 
এবার কোরবানির ঈদেও মনিরা মিঠু অভিনীত ‘তোমাদের গল্প ২’, ‘দ্য অভিযান’, ‘দেনা-পাওনা’, ‘ওয়ারিশ’, শূন্যের সংসার’, ‘শূন্য’, ‘সুখ বিলাস’সহ একাধিক নাটক প্রচার হয়েছে। ছিলেন প্রেক্ষাগৃহেও। সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমায় অভিনয় করেছেন মনিরা মিঠু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171787