ইসরায়েলের বর্তমান শাসনব্যবস্থার পতন খুব কাছাকাছি : মোজতবা খামেনি

ইসরায়েলের বর্তমান শাসনব্যবস্থার পতন খুব কাছাকাছি : মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বর্তমান শাসনব্যবস্থার পতন খুব কাছাকাছি বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই তিনি এই মন্তব্য করেন। 

বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর তার পরপরই ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় সোমবার (৮ জুন) ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, ‘নড়বড়ে জায়নবাদী শাসনব্যবস্থার হাতে আর মাত্র কয়েক দিন সময় আছে’। এর আগে গভীর রাতে ইরান উত্তর ইসরায়েলে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলের বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়। এরপর ইসরায়েলও ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালায়। তেহরান, ইসফাহান এবং তাবরিজসহ কয়েকটি শহরে বিস্ফোরণের খবরও পাওয়া যায়।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অভিযোগ করেছে, বেসামরিক স্থাপনা ও তেলশিল্পকে লক্ষ্য করে হামলা চালিয়ে ইসরায়েল ‘বিপজ্জনক খেলা’ শুরু করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে তারা কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলের হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে ইরানের মাহশাহর পেট্রোকেমিক্যাল কোম্পানিতে ইসরায়েল হামলা চালায় বলে অভিযোগ করে তেহরান। আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছে, চলমান এই উত্তেজনার ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তার দায় ‘এই সংঘাতের মূল হোতা যুক্তরাষ্ট্রকেই’ বহন করতে হবে।

আনাদোলু বলছে, সোমবার ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ-পশ্চিম ইরানের ওই পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠানে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। একই সময়ে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে বলে জানা গেছে। খবর : আনাদোলু

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171754