জয়পুরহাটের আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে শারমিন নাহার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৮ জুন) সকাল ৭টায় উপজেলার সোনামুখী ইউনিয়নের উত্তর রামশালা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমিন নাহার উপজেলার সোনামুখী ইউনিয়নের উত্তর রামশালা গ্রামের শামিম মন্ডলের স্ত্রী। প্রায় আট বছর আগে শামিম মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে জমিজমা নিয়ে শামিম ও শারমিনের তীব্র পারিবারিক বিরোধ চলে আসছিল। এই কলহ ও মানসিক অশান্তি থেকে বাঁচতে শারমিন ও শামিম দম্পতি অন্য জায়গায় নতুন বাড়ি নির্মাণ করে আলাদা থাকতে শুরু করেন। তবে আলাদা থাকলেও আগের সেই বিরোধের জেরে সৃষ্ট মানসিক অশান্তির কারণেই শারমিন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার দিবাগত রাতের যেকোনো সময় ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। এদিন সকাল ৭টার দিকে স্থানীয়রা টের পেয়ে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী শামিম মন্ডল বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171735