জিম্বাবুয়ে-বাংলাদেশ এ দলের প্রথম ওয়ানডে আজ

জিম্বাবুয়ে-বাংলাদেশ এ দলের প্রথম ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার : জিম্বাবুয়ে প্রায় ২০ বছর পর বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বাংলাদেশের সাথে ক্রিকেট ম্যাচ খেলতে মাঠে নামবে । সফরকারী জিম্বাবুয়ে এ দলের সাথে বাংলাদেশ এ দলের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সকাল ৯টায় ম্যাচ শুরু হবে। বিসিবির ইউটিউব চ্যানেলে খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে।
সর্বশেষ ২০০৬ সালের ৫ ডিসেম্বর শহীদ চান্দু স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের সাথে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ সেই ম্যাচ জিতেছিল ২৬ রানে। এটাই ছিল এই স্টেডিয়ামের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর শহীদ চান্দু স্টেডিয়ামে আর কোন খেলা হয়নি। সেই জিম্বাবুয়েকে দিয়েই নতুন করে আন্তর্জাতিক দুনিয়ায় পা রাখার চেষ্টা করছে শহীদ চান্দু স্টেডিয়াম।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে বগুড়ায়। আজকের পর ১০ জুন হবে দ্বিতীয় ম্যাচ। আবহাওয়ার সাথে মানিয়ে নিতে জিম্বাবুয়ে এ দল ৩ জুন বগুড়ায় এসেছে। অন্যদিকে বাংলাদেশ দল গতকাল রোববার সকালে বগুড়ায় এসেই স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে। দু’দলই রোববার স্টেডিয়ামের দুই প্রান্তে কঠোর অনুশীলন করে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে।
শনিবার দুপুরে মুসলধারের বৃষ্টির ফলে প্রথম ওয়ানডে নিয়ে যে শংকা তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। রোববার দিনভর প্রচন্ড রোদে স্টেডিয়ামের আউটফিল্ডে জমে থাকা পানি শুকিয়ে মাঠ পুরোপুরি খেলার জন প্রস্তুত। 
প্রচন্ড রোদে দর্শকদের কষ্টের কথা মাথায় রেখে গ্যালারীর কিছু অংশে সামিয়ানা টানানো হয়েছে। তবে, আরও বেশি এলাকায় সামিয়ানা টানানো প্রয়োজন ছিল বলে মনে করছেন দর্শকরা।
বাংলাদেশ এ দল রয়েছেন, জাকির হাসান, শাহাদত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, সামিউন বাশির রাতুল, আব্দুল গাফ্ফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌলা বর্ষন ও রাকিবুল হাসান।
জিম্বাবুয়ে এ দলর খেলোয়াড়েরা হলেন. ইনোসেন্ট কায়া, ম্যাথিউ রোজ ক্যাম্বেল, অন্তুম আমির নাকভি, রয় কায়া, তারিসাই কেনেথ মুসাকান্দা, রিচার্ড মারুমানি, রবার্ট মাসেকেসা, আরনেস্ট মাসুকু, মাপোংগা মাদান্দে, রায়ান বার্ল, নায়াসা মাধেভেরে, ভেরাল ফ্রস্ট, ওয়েসলে গান্ডু, ফারাজ আকরাম, তিনাসে মাপোসা, জনাথন রস ক্যাম্বেল, নেডি মায়ার্স, তানুনুরা মাকোনি, মুনাসে চিমুসোরো, চোমুনোরা চিবাবা, এরিক চাওলুকা, কলিন্স ডেঙ্গু, ষ্টানলে গঙ্গু, জোশেপ মাধেবো, জাবুলো কুবি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171710