দিনাজপুরের বিরামপুরে নারীসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে নারীসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ মাদক ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ১৬ মাদক কারবারিকে গ্রেফতার এবং রেজিস্ট্রেশনবিহীন ১৬টি মোটরসাইকেল জব্দ করে মামলা দিয়েছে।

পুলিশ জানায়, সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় মাদকের আগ্রাসন নিয়ন্ত্রণের জন্য ১ জুন থেকে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ নারীসহ ১৬জন মাদক কারবারিকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেন। তাদের নামে ১০টি মামলা দিয়ে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন এবং থানার ওসি সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক রাতেই ২ নারীসহ ৫ মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেন। মাদক কারবারিরা হলো- নার্গিছ বানু, নূর বানু, রায়হান কবির, এআর আরাফাত ও রাসেল ইসলাম।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা থেকে মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171654