বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বগুড়া-নাটোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
আজ রোববার (৭ জুন) শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি চলে। পরে থানা পুলিশের সাথে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে অটোরিকশা চালকরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কে অটোরিকশা রেখে শতাধিক চালক বিক্ষোভ শুরু করেন। তারা পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। অবরোধ চলাকালে সড়কের উভয়পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়লে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকালে অটোরিকশা চালকরা অভিযোগ করেন, নন্দীগ্রমের অটোরিকশা থেকে কোন টাকা নেওয়া হয় না। কিন্তু শাজাহানপুরের অটোরিকশা চালকদেরকে মাসিক ৫শ’ টাকা হারে চাঁদা দিতে হবে বলে দাবি করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জনান, অবরোধের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছেন। চালকদের সাথে উদ্ভুত পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেন। তাতে তিনি জানতে পারেন ৫ আগস্টের আগে পুলিশ মাসিক ভিত্তিতে টাকা নিতো। কিন্তু বর্তমানে টাকা নেয়ার কোন অভিযোগ নেই। তবে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চালানো নিয়ে হাইওয়ে পুলিশের সাথে চালকদের ভুল বুঝাবুঝির ঘটনা ঘটেছিল। আলোচনার মাধ্যমে তা সমাধান হয়েছে।
চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, অটোরিকশা থেকে চাঁদা নেয়ার কোন সত্যতা নেই। গতকাল শনিবার (৬ জুন) একটি রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে কিছু চালক পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171607