সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের মোয়াজ্জেম হোসেন মন্ডল, বাগবাটি ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধলডোব গ্রামের ময়নুল হক, একই ওয়ার্ডের সহসভাপতি ও হরিনা গোপাল গ্রামের শুকুর মাহমুদ এবং পৌরসভার ৭নং ওয়ার্ড যুবলীগের সদস্য দত্তবাড়ি মহল্লার মো. রাব্বি।

ওসি রাকিবুল হাসান বলেন, গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারদের মধ্যে মোয়াজ্জেম হোসেন মন্ডল ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ-২ আসনের অপসারিত এমপি আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ ও দুই ছাত্রকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। বাকিরা ৫ আগস্ট পরবর্তীতে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171563