জয়পুরহাটের আক্কেলপুর দিনমজুরকে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুর দিনমজুরকে পিটিয়ে হত্যা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধানকাটার কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত হাসান আলীকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছেন।

আজ শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার কাশিড়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল চন্দ্র মালী কাশিড়া শীলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আটক হাসান আলী উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শনিবার (৬ জুন) বিকেলে শ্যামল চন্দ্র মালী কাশিড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে কাশিড়া সড়কে হাসান আলীর সঙ্গে তার দেখা হয়। এসময় শ্যামল চন্দ্র মালী গ্রামের একটি জমির ধান কাটার কথা হাসানকে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শ্যামল হাটের দিকে রওনা দিলে কিছুক্ষণ পর হাসান একটি গাছের ডাল দিয়ে তার মাথার পেছনে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী প্রায় এক কিলোমিটার ধাওয়া করে হাসান আলীকে আটক করেন। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

‎নিহতের স্ত্রী দীপালী মালী বলেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলে-মেয়েরা আজ এতিম হয়ে গেল। ‎নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী বলেন, কাকার মাথায় আঘাত করে হাসান পালিয়ে যাচ্ছিল। আমি ধাওয়া করে তাকে আটক করি। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

হাসপাতালে পুলিশের হেফাজতে থাকা হাসান আলী বলেন, আমাকে ধান কাটতে বলেছিল। এ কারণে আমি গাছের ডাল দিয়ে শ্যামলের মাথায় আঘাত করেছি। পরে লোকজন আমাকে ধরে মারধর করেছে। আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, মাথায় আঘাত করে শ্যামল চন্দ্র মালী নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত হাসান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171553