বগুড়ার ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পড়ে চালক নিহত

বগুড়ার ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পড়ে চালক নিহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় মালামাল বোঝাই অটোভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে শুকুর আলী (৭২) নামে এক চালক নিহত হয়েছে। আজ শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামে উচু সরু ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুকুর আলী ব্যাটারী চালিত অটোভ্যান চালিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। অন্যান্য দিনের মত আজ শনিবার (৬ জুন) সকালে স্থানীয় বাগবেড়-হরিনাথপুর বাজার এলাকা থেকে ভাড়ার চুক্তিতে লোহার তৈরি সামগ্রী বোঝই দিয়ে অটোভ্যান চালিয়ে মরিচতলার দিকে রওনা হন।

পথিমধ্যে নারায়নপুর গ্রামের ভেতর খুবই উচু সরু ব্রিজের ওপর ওঠার সময় অটোভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে পাঠিয়ে দেন। কিন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছার আগেই পথিমধ্যে শুকুর আলীর মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে শুকুর আলীর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171520