কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মদিনা পরিবহন নামের যাত্রীবাহী বাসের পেছনে ধাক্কার ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মিয়া বাজার হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালে কুমিল্লা থেকে ফেনীর দিকে যাচ্ছিল মদিনা পরিবহন নামের যাত্রীবাহী বাস। মহাসড়কের ছুপুয়া নামক স্থানে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়েন মহাসড়কে। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনার আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171481