সাতমাসের শিশুকে মাথায় গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের হেবরন এলাকায় সাত মাসের এক শিশুর মাথায় গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হেবরনের দক্ষিণে ইসরাইলি বাহিনী তাদের গাড়িতে গুলি চালালে সাত মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের তিন সদস্য গুলিবিদ্ধ হন। পরে শিশুটি তার আঘাতের কারণে মারা যায়। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার রাতভর ও শনিবার পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরজুড়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এরমধ্যে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং ইসরাইলি সামরিক অভিযানও রয়েছে।
তুবাসের দক্ষিণ-পূর্বে অবস্থিত আতুফ গ্রামে বসতি স্থাপনকারীরা একদল ফিলিস্তিনি কৃষককে আক্রমণ করে। পরে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা ইসরাইলি সেনাবাহিনীর পোশাক পরা ছিল। রামাল্লার পূর্বে অবস্থিত দেইর দিবওয়ানে ফিলিস্তিনিদের বাড়িতে জোর করে প্রবেশ করছিলেন অবৈধ বসতি স্থাপনকারীরা। বাড়ির বাসিন্দারা তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এসময় ইসরাইলি বাহিনী একটি ফিলিস্তিনি বাড়িতে প্রবেশ করে।
জানা গেছে, বাসিন্দাদের একটি কক্ষে আটকে রাখা হয় এবং নজরদারি ক্যামেরাগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সূত্র : মিডল ইস্ট আই।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171478