রংপুরে পানিতে ডুবে ২ শিশু ও বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

রংপুরে পানিতে ডুবে ২ শিশু ও বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

রংপুর জেলা প্রতিনিধি:  রংপুরে পানিতে ডুবে পৃথক ঘটনায় শিশু ও শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পীরগাছায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে দুই শিশু এবং দুপুরে নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী শিহাব নামে এক যুবকের মৃত্যু হয়।

আজ শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় এবং নগরীর পানবাড়ি এলাকায় দুপুরে ঘাঘট নদীতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- ওই এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) ও শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। সম্পর্কে তারা চাচাতো-জ্যাঠাতো ভাইবোন। অন্যজন হলেন- বেরোবি শিক্ষার্থী সিহাব (২৬)। তার বাড়ি নগরীর দর্শনা সূত্রাপুর এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার করে লোকজনকে ডাকেন। পরে দ্রুত তাদের পুকুর থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে আজ শুক্রবার (৫ জুন) দুপুরে রংপুর নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে সিহাব (২৬) নামের একজনের মৃত্যু হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি শিহাব শাহরিয়ারের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ও বেরোবি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171418