সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ৪

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় দায়ের হওয়া আলোচিত একটি ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন) সকাল ১০ টায় রায়গঞ্জ থানা পুলিশের আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসানুজ্জামান এতথ্য নিশ্চিত করেন। এসময় তিনি জানান, গত ৩ জুন বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা ব্রিজ এলাকায় পাঙ্গাসী গ্রামের মো. রাসেল শেখের (৩৫) অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা প্রথমে অটোরিকশাটি ভাড়া করে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে। পরে চালককে নির্জন স্থানে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে জোরপূর্বক অটোরিকশাটি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী রাসেল শেখ বাদি হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ তদন্ত শুরু করে। এরপর সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র সার্বিক তত্ত্বাবধানে এবং রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলামের  নির্দেশনায় রায়গঞ্জ থানার একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মামলার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার পাঙ্গাসী গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে মো. আবু রায়হান, একই গ্রামের আ. রশিদ ফকিরের ছেলে রিপন ফকির, নওদা শালুয়া গ্রামের মো. বারেকের ছেলে মো. নাজমুল শেখ এবং সিরাজগঞ্জ সদর থানার ভাঙ্গাবাড়ী এলাকার জহুরুল ইসলামের ছেলে আলী শেখ। অভিযানের সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এছাড়াও মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171417