বগুড়ার সোনাতলায় ৩০ বছরের পুরোনো যাতায়াতের রাস্তা সংকোচিত করার অভিযোগ

বগুড়ার সোনাতলায় ৩০ বছরের পুরোনো যাতায়াতের রাস্তা সংকোচিত করার অভিযোগ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় কয়েক দশকের পুরোনো একটি যাতায়াতের রাস্তা বন্ধ করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের পূর্ব করমজা গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ৩০ বছর ধরে ওই পাড়ার বেশ কয়েকটি পরিবারের লোকজন এই রাস্তাটি দিয়ে নিয়মিত যাতায়াত করে আসছেন। কিন্তু সম্প্রতি স্থানীয় এক প্রভাবশালী পক্ষ রাস্তাটি বন্ধ করে দিয়ে সেখানে স্থায়ীভাবে বসতবাড়ি নির্মাণ কাজ শুরু করে। এতে ওই এলাকার কয়েকটি পরিবার পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে এবং তাদের স্বাভাবিক যাতায়াত বন্ধ হয়ে গেছে।

ওই গ্রামের ইমদাদুল হক বলেন, তাদের গ্রামের হেলাল প্রামানিক হঠাৎ করে রাস্তা সংকোচিত করে ঘর তোলা শুরু করায় আমাদের বের হওয়ার কোনো পথ নেই। আমরা চরম দুর্ভোগে পড়েছি। রাস্তা বন্ধের বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে সোনাতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, তদন্ত সাপেক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে বিষয়টি দ্রুত ও সুষ্ঠু মিমাংসার চেষ্টা চলছে, যাতে সাধারণ মানুষের চলাচলের অধিকার বিঘ্নিত না হয়। উল্লেখ্য, উক্ত রাস্তার জন্য উভয় পাশে ২ফিট ৩ইঞ্চি করে জায়গা ছাড়ার কথা থাকলেও একটি পক্ষ তা উপেক্ষা করে চলছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171410