তৃতীয় বিয়ের দিনক্ষণ নিশ্চিত করলেন আমির খান
বিনোদন ডেস্ক : কোনো সূত্র নয়। গুঞ্জনের ওপর ভর করেই ছড়িয়ে পড়েছিল খবরটি। তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। আজ (৪ জুন) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করলেন স্বয়ং আমির খান!
বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আমির খান। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজ বাসায় ঘরোয়া আয়োজনে বিয়ের রেজিস্ট্রি হবে। ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘বিয়ের খবরটা সত্য। আমরা দুজনই মনে করছি, সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় হয়েছে।’
২০২৫ সালে ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। তখনই জানিয়েছিলেন, তাদের পরিচয় নতুন নয়, প্রায় ২৫ বছরের। দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও প্রায় দেড় বছর আগে আবারও যোগাযোগ শুরু হয়। সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।
নিজেদের সম্পর্ক নিয়ে আমির বলেন, ‘আমি এখন মানসিকভাবে শান্তিতে আছি। গৌরী ও আমি একে অপরকে নিয়ে খুবই সিরিয়াস। আমরা অংশীদার, আমরা একসঙ্গে আছি। মনে মনে আমরা বিয়েটা করে ফেলেছি। তাই আনুষ্ঠানিকভাবে সম্পর্ককে স্বীকৃতি দেওয়া আমাদের জন্য খুবই স্বাভাবিক একটি পদক্ষেপ।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171346