ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ পুলিশসহ আহত ২৫

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ পুলিশসহ আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে প্রায় ৫ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে।

সংঘর্ষকারীরা রেলস্টেশনের প্ল্যাটফর্ম দখল করে স্টেশন মাস্টারের কক্ষসহ কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের অন্তত ৬টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এর মধ্যে মহানগর এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, এগারসিন্ধুর প্রভাতী, তিতাস কমিউটার এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস রয়েছে।

আহতদের মধ্যে ভৈরব থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এবং রেলওয়ে পুলিশের সদস্য মুছা গুরুতর আহত হয়েছেন। অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, শহরের আমলাপাড়া ও জগন্নাথপুর এলাকার যুবকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়, যা পরে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

স্টেশন মাস্টার মো. ইউছুফ বলেন, সংঘর্ষকারীরা রেলস্টেশনকে রণক্ষেত্রে পরিণত করে এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, রেলওয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171341