আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। মালেতে অনুষ্ঠিত ম্যাচে তরুণ বাংলাদেশ দল শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করে।
টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান সিনিয়র দল পাঠালেও বাংলাদেশ মূল দল সান মারিনোতে ব্যস্ত থাকায় অনূর্ধ্ব-২৩ দল অংশ নিয়েছে। তবু কোচ মারুফুল হক-এর অধীনে টানা দুই ম্যাচে ড্র করে দুই পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।
ম্যাচে আফগানিস্তান একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এছাড়া একাধিক সুযোগ তৈরি করেও বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ-কে পরাস্ত করতে পারেনি তারা।
বাংলাদেশও দুই অর্ধে গোলের চেষ্টা চালালেও সফল হয়নি। ফলে টুর্নামেন্টে এখনো গোলের দেখা পায়নি দলটি।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৭ জুন স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার সম্ভাবনা জাগ্রত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171334