ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে নতুন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে সরকার। এ লক্ষ্যে বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ডিএনডি এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) জানান, ডিএনডি এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রতিনিধিরা মতবিনিময় করেন। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠক শেষে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে ২০১৬ সালে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা ২০২৪ সালে শেষ হয়েছে। তবে প্রকল্পটি বাস্তবায়নের পরও প্রত্যাশিত সুফল পুরোপুরি পাওয়া যায়নি এবং এলাকার মানুষ এখনও বিভিন্ন স্থানে জলাবদ্ধতার ভোগান্তির মুখে রয়েছেন।
তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। এ পরিকল্পনার আওতায় প্রায় ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ অবকাঠামো উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এবার কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে বলে সরকার আশাবাদী। দীর্ঘদিনের এ সমস্যার টেকসই সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেয়া হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171211