কুষ্টিয়ায় বোর্ডের নিয়ম ভেঙে দৌলতপুরে এসএসসির ব্যবহারিক পরীক্ষা

কুষ্টিয়ায় বোর্ডের নিয়ম ভেঙে দৌলতপুরে এসএসসির ব্যবহারিক পরীক্ষা

কুষ্টিয়ার দৌলতপুরে জে.এম.জি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা অমান্য করে আগেভাগেই ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষা গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। কোনো পূর্বপ্রস্তুতি ছাড়া হঠাৎ এভাবে পরীক্ষা নেওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ পরীক্ষার্থীরা। 

আজ বুধবার (৩ জুন) সকালে সরেজমিনে ওই পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে এসএসসি পরীক্ষার্থীদের রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ের ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষা নেওয়া হচ্ছে। অথচ যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ৭ জুন থেকে ১৪ জুনের মধ্যে একযোগে এসএসসির ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা।

ওই কেন্দ্রের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী আরাফাত হোসেন বলেন, রুটিন অনুযায়ী ৭ তারিখ থেকে প্র্যাক্টিক্যাল পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা খাতা তৈরি ও রিভিশন দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে কেন্দ্র থেকে আমাদের ডেকে এনে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। এত কম সময়ে আমরা কোনো ভালো প্রস্তুতিই নিতে পারিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক শিক্ষক বলেন, শিক্ষা বোর্ডের একটা সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা থাকে। বোর্ড থেকে যে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার বাইরে গিয়ে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে নিয়মের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না।

নির্ধারিত সময়ের আগেই ব্যবহারিক পরীক্ষা নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্র সচিব ও উপজেলা সহকারী প্রোগ্রামার সোহেল রানা বলেন, ‘কেন্দ্র সচিব চাইলে তার সুবিধামতো সময়ে আগে পরীক্ষা নিতে পারেন। আমরা ৩ ও ৪ জুন (বুধ ও বৃহস্পতিবার) পরীক্ষা নেব। এরপর আবার বোর্ডের দেওয়া নির্ধারিত তারিখ অর্থাৎ ৭ তারিখ থেকেও পরীক্ষা নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (একাডেমিক সুপারভাইজার) কামাল হোসেন বলেন, ‘বোর্ডের নির্দেশনা অমান্য করে নির্ধারিত তারিখের আগে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কোনো নিয়ম নেই। জে.এম.জি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি অনিন্দ্য গুহ বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171201