জয়পুরহাট সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা
জয়পুরহাট প্রতিনিধি: সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের পর থেকে এই অস্থিরতা আরও বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৩ জুন) সকাল থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্বউচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমাস্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন বিএসএফ সদস্যরা।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপি’র আওতাধীন পূর্বউচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের কাছে শূন্য রেখা ঘেঁষে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেন বিএসএফ সদস্যরা। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, জিরো লাইনের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী অবকাঠামো বা বেড়া নির্মাণ করা নিষিদ্ধ।
কিন্তু বিএসএফ সেই আইন তোয়াক্কা না করেই জোরপূর্বক ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের কাজ শুরু করে।
সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়া এই অবৈধ্য কর্মকান্ড প্রথম লক্ষ্য করেন স্থানীয়রা। তারা বিষয়টি সাথে সাথে কয়া বিওপির বিজিবি সদস্যদের অবগত করেন।
খবর পাওয়ার সাথে সাথে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া দেওয়ার কাজে বাধা প্রদান করে। বিজিবির অনড় অবস্থানের কারণে ঘটনাস্থলে দুই বাহিনীর মধ্যে একপর্যায়ে চরম উত্তেজনা তৈরি হয়। তখন সীমান্তে বসবাসকারিরা বিজিবি’র পক্ষ নিয়ে অবস্থান নেন।
এ অবস্থায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি জরুরি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ক্ষেত্রে স্থানীয়দের অভিযোগ, পতাকা বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে বিএসএফ সদস্যরা ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় গোপনে রাতের বেলায় জোরপূর্বক কাঁটাতারের বেড়া স্থাপন করে ফেলেছে। বিএসএফের এমন উসকানিমূলক আচরণের পর থেকে সীমান্ত এলাকায় বিজিবি তাদের টহল জোরদার করেছে এবং কঠোর অবস্থান নিয়েছে।
বর্তমানে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে থাকলেও পূর্বউচনা ঘোনাপাড়া ও আশপাশের সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও জয়পুরহাট-২০ বিজিবির ক্যাম্প কমান্ডার মো. সাত্তার হোসেন বলেন, সীমান্তে তাঁর কাটার বেড়া দেওয়া সত্য। তবে উর্ধ্বতম কর্মকর্তা ছাড়া বিস্তারিত বলা যাবে না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171195