রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আবু হুজাইফা (৫ মাস)। সে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাসিন্দা মাহাবুব আমীর হোসেনের ছেলে।
আজ বুধবার (৩ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। শিশুটি ৩১ মে জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র নার্স নাসরিন বেগম। তিনি জানান, শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্টসহ হামের বিভিন্ন উপসর্গে ভুগছিল। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২ শিশু ভর্তি রয়েছে। আরো দুই শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171132