চাঁদপুরে বাইক চালানো শেখাতে গিয়ে মামা-ভাগনির মৃত্যু

চাঁদপুরে বাইক চালানো শেখাতে গিয়ে মামা-ভাগনির মৃত্যু

মফস্বল ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণে বাইক চালানো শেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মামার পর মারা গেল ভাগনি ইশাতও (১৪)। মঙ্গলবার (২ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় ইশাত। এর আগে, বিকেলে মতলব সেতুর দক্ষিণ অংশের সড়কে এ দুর্ঘটনায় নিহত হন মামা মো. ফজলে রাব্বি (২১)।

নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির মিজানুর রহমানের ছেলে। মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি। ইশাত তার আপন ভাগনি। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. জুয়েল। তারা ঢাকার যাত্রাবাড়ীতে থাকেন। ইশাতের বাবা রাজধানী ঢাকায় সচিবালয়ের গাড়িচালক। ঈদ উপলক্ষ্যে মায়ের সঙ্গে মতলব দক্ষিণে নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল ইশাত বলে জানান স্বজনরা।

প্রত্যক্ষদর্শী চাঁদপুরের মো. জসিম নামে এক অ্যাম্বুলেন্সচালক সংবাদমাধ্যমে বলেন, ‘বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব ব্রিজের দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হন ওই দুজন। সেখান থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট  জেনারেল হাসপাতালে নিয়ে যাই।’

এ বিষয়ে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক সাংবাদিককে বলেন, ‘রাব্বি নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। তবে এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সংবাদমাধ্যমে বলেন, ‘ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171107