বগুড়ার ধুনটে শালিস বৈঠকে হামলা চালিয়ে জমি বেদখলের চেষ্টার অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে শালিস বৈঠকে কৃষক পরিবারের ওপর হামলা চালিয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে । এ ঘটনায় আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে ভুক্তভোগী কৃষক নবির উদ্দিন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামের শমসের আলীর ছেলে নবির উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের হযরত আলীর জমি নিয়ে বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে কয়েক মাস আগে হযরত আলী ও তার লোকজন নবির উদ্দিনের বাড়ির সিমানায় খুটি পুঁতে অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় গত ৩১ মে সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষকে নিয়ে গ্রামের মাতব্বরা শালিস বৈঠকে বসেন। ওই বৈঠকে উভয় পক্ষের মধ্যে শুনানীকালে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় নবির উদ্দিনের ছেলে শামীম রেজা (২২) আহত হন। এ সময় অমিমাংসিত ভাবে বৈঠকটি ভন্ডুল হয়ে যায়।
এ ঘটনায় নবির উদ্দিন বাদি হয়ে হযরত আলীসহ ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য হযরত আলীর সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য পাওয়া যাযনি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171056