চাঁপাইনবাবগঞ্জে গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা আটক ৩

চাঁপাইনবাবগঞ্জে গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চোর সন্দেহে ফিরোজ আলী(৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছে পুলিশ। নিহত ফিরোজ চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে।  গত ৫বছর তিনি ভোলাহাটের গোহালবাড়ি সন্যাসীতলা গ্রামে শ্বশুর বাড়িতে  বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ  সূত্র জানায়, গতকাল সোমবার ভোররাত ৩টায় গোহালবাড়ি গ্রামের এমরান হোসেনের(৫৭) বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে ফিরোজকে চোর সন্দেহে আটক করে।

এসময় চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত অবস্থায় ফিরোজকে মারধর করলে তিনি ঘটনাস্থলে আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৭টায় ফিরোজ মারা যান।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171039