বগুড়ার টিনপট্টিতে যুবককে ছুরিকাঘাত, হামলাকারী মোটরসাইকেল আরোহী

বগুড়ার টিনপট্টিতে যুবককে ছুরিকাঘাত, হামলাকারী মোটরসাইকেল আরোহী

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের বড়গোলা টিনপট্টি এলাকায় ফারহান তানভির স্নিগ্ধ (২৬) নামে এক যুবককে ছুরিকাহত করা হয়েছে। গতকাল রোববার রাতে মোটরসাইকেল আরোহী তিন যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্নিগ্ধকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত স্নিগ্ধ টিনপট্টি এলাকার শামসুল ইসলামের ছেলে।

স্নিগ্ধের স্বজনরা জানান, স্নিগ্ধ ওই দিন রাত সোয়া ৯টার দিকে বড়গোলা টিনপট্টি এলাকায় তার প্রাইভেটকার চালিয়ে গ্যারেজে রাখার জন্য যাচ্ছিল। এসময় দুটি মোটরসাইকেলে চেপে মদ্যপ অবস্থায় তিন যুবক প্রাইভেটকারের কাছে এসে স্নিগ্ধকে কোন কারণ ছাড়াই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এসময় কার থেকে নেমে স্নিগ্ধ প্রতিবাদ করলে তারা তার উরুতে ছুরিকাঘাত করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত স্নিগ্ধর চাচা কামরুল ইসলাম জানান, তার ভাতিজার সাথে ওই মোটরসাইকেল আরোহীদের কোন বিরোধ ছিল না।

কোন কারণ ছাড়াই তারা স্নিগ্ধকে ছুরিকাঘাত করেছে। স্নিগ্ধ একজন পেশাদার ফটোগ্রাফার। সে বিদেশে যাওয়ার প্রস্ততি নিচ্ছিল। হামলার বিষয়টি সিসিটিভি ফুটেছে ধারন করা আছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। ঘটনাস্থলের সিসিটিভি’র ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170927