শেরপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
শেরপুরের শ্রীবরদীতে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১ জুন) দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় কলাগাছ দিয়ে তৈরি ভেলায় চড়ে খেলছিল দুই শিশু। খেলাধুলার এক পর্যায়ে তারা অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।
দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170918