লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় তরুণী নিহত

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় তরুণী নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মোটরসাইকেল থেকে পড়ে তানিয়া নামের এক তরুণী নিহত হয়েছেন। তিনি পুলিশ কনস্টেবল আব্দুল মমিনের শ্যালিকা। গতকাল রোববার সন্ধ্যায় লালমনিরহাট চাপারহাট বাইপাস সড়কের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের জামতলা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। আর আহত পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ঈদের ছুটিতে শ্বশুরবাড়ি বেড়াতে যান পুলিশ কনস্টেবল মমিন। ঘটনারদিন সন্ধ্যায় শ্যালিকা তানিয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে জামতলা মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক লালমনিরহাট থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তানিয়া ও আব্দুল মমিন ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই শ্যালিকা তানিয়া মারা যান।

পরে স্থানীয় বাসিন্দারা আহত পুলিশ কনস্টেবল আব্দুল মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। তবে ঘাতক ট্রাক পালিয়ে যায়। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170890