১৮ জুন থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে মা-শিশু ও বিশেষায়িত সেবা শুরু
স্টাফ রিপোর্টার : বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে আগামী ১৮ জুন থেকে মা-শিশু, অ্যাজমা ও হৃদরোগীদের চিকিৎসাসেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। একই দিন হাসপাতালটিতে মা ও শিশুর জন্য দুটি ওয়ার্ডও উদ্বোধন করা হবে। পর্যায়ক্রমে অপারেশন থিয়েটার, আইসিইউ ও ডায়াগনস্টিক সেন্টার চালু করে আগামি এক বছরের মধ্যে হাসপাতালটিকে পূর্ণাঙ্গ শিশু হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজ রোববার (৩১ মে) দুপুরে বগুড়া শহরের দত্তবাড়িস্থ হাসপাতালের হলরুমে নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বগুড়াসহ উত্তরাঞ্চলের মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন। ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ১৮ জুন নতুন সেবাগুলোর কার্যক্রম শুরু হবে।
হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির উপদেষ্টা ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, পরিচালনা কমিটির সদস্য মোশাররফ হোসেন এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অধ্যাপক শাহ্ মো: শাহজাহান আলী, বিএমএ আহবায়ক আসফারুল হাবিব রোজ, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, ড. ইউনুস আলী।
সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং শিশু স্বাস্থ্য সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি একসময় শিশু চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরবর্তী সময়ে বিভিন্ন কারণে এর কার্যক্রম ব্যাহত হয়।
নতুন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে হাসপাতালটিকে আধুনিক ও পূর্ণাঙ্গ শিশু চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২১ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170818