বগুড়ার শেরপুরে সেমাই কারখানায় আগুন: ১৫ লাখ টাকার ক্ষতি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরের গোপালপুর এলাকায় একটি লাচ্ছা সেমাই কারখানায় গত বুধবার ভোর ৪টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ লাচ্ছা সেমাই ও মালামালসহ সম্পূর্ন কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ১৫ লাখ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর এলাাকায় গত বুধবার ভোর আনুমানিক চারটার দিকে নাহিদ এন্ড নাঈম ফুড প্রোডাক্টস নামের ওই কারখানায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ তৈরি লাচ্ছা সেমাই ও উৎপাদন সামগ্রী আগুনে পুড়তে থাকে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাতে লাচ্ছা সেমাই ভাজার পর চুলার পাশেই স্তুপ করে রাখা সেমাইগুলো তৈলাক্ত হওয়ায় চুলার অবশিষ্ট অংশ বা তাপ থেকে দ্রুত আগুন ধরে যায় এবং পরবর্তীতে তা ভয়াবহ রূপ নেয়। ঈদুল আজহাকে সামনে রেখে সেমাই কারখানায় রাখা সেমাই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান নাহিদ এন্ড নাঈম ফুড প্রোডাক্টসের মালিক হেলাল উদ্দিন বলেন, ভোর চারটার দিকে আচমকা কারখানায় আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আমার কারখানাসহ সব লাচ্ছা সেমাই পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে আমি নি:স্ব হয়ে গেলাম।
এদিকে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার ফাইটারদের বেশ কিছুক্ষণের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে কারখানার অধিকাংশ মালামাল পুড়ে যায়।
শেরপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170817