ছাত্রদল নেতা কাজলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির ) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ (৩১ মে ) রবিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এ সময় মাহমুদ ইসলাম কাজল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন সফল রাষ্ট্রনায়ক নন, তিনি বগুড়ার গর্ব ও জাতীয়তাবাদী চেতনার এক অনন্য প্রতীক। তাঁর আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন দর্শন নতুন প্রজন্মকে দেশগঠনে অনুপ্রাণিত করে। তাঁর শাহাদাতবার্ষিকীতে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চাই।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমদাদুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রুম্মন, আহসান হাবিব ও সোহাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাহুল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রবি, শাফিউর ও মহিউদ্দিন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ফাহিম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা গালিব, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা শাহাবুদ্দিন এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা সাকিবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ কেবল পরিবেশ রক্ষার একটি কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধেরও বহিঃপ্রকাশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মাহমুদ ইসলাম কাজল ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে জনকল্যাণমূলক, পরিবেশবান্ধব ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170797