শহীদ জিয়ার উন্নয়ন আজও দেশের জন্য প্রেরণা : প্রতিমন্ত্রী আব্দুল বারী

শহীদ জিয়ার উন্নয়ন আজও দেশের জন্য প্রেরণা : প্রতিমন্ত্রী আব্দুল বারী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, জিয়াউর রহমানের সময় খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব এবং কৃষিভিত্তিক উন্নয়ন পরিকল্পনা আজও বাংলাদেশের উন্নয়নে স্মরণীয়। কৃষি, অর্থনীতি ও উৎপাদনমুখী উন্নয়নের যে ভিত্তি জিয়াউর রহমান তৈরি করে গেছেন, তার সুফল এখনও দেশের মানুষ ভোগ করছে।

গতকাল শনিবার বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা বিএনপি’র আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি।

কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষির উন্নয়ন হলেই দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। কৃষকদের জীবনমান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষক যেন তার ঘাম ও শ্রমের সঠিক মূল্য পায়, সেটি নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় খুব অল্প সময়ের মধ্যেই দেশের কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

তার খালকাটা কর্মসূচি দেশের সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সবুজ বিপ্লবের মাধ্যমে তিনি কৃষিকে উৎপাদনমুখী খাতে রূপান্তরের যে উদ্যোগ নিয়েছিলেন, তা গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণসঞ্চার করেছিল।

তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদনমুখী কর্মকান্ডে সম্পৃক্ত করা, সেচ সুবিধা সম্প্রসারণ, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের অবদান জাতি কখনও ভুলবে না।

তিনি বুঝতে পেরেছিলেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই দেননি, বরং দেশের অর্থনৈতিক মুক্তির পথও দেখিয়েছিলেন। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, পরিবার পরিকল্পনা, নারী উন্নয়ন এবং যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকান্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনন্য।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইব্রাহিম হোসেন মন্ডল, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170784