বিশ্বকাপের আগে চোটে আর্জেন্টিনার আরেক বড় তারকা
স্পোর্টস ডেস্ক : ডান পায়ের পেশির সমস্যায় মাঠের বাইরে ছিটকে গেলেন লেয়ান্দ্রো পারাদেস। এতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম টিওয়াইসির খবর অনুযায়ী, বিশ্বকাপে প্রথম ম্যাচেও অনিশ্চিত পারাদেসের খেলা।
ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে হেরে কোপা লিবের্তাদোরেস থেকে বিদায় নেয় বোকা। ওই ম্যাচেই দলটির অধিনায়ককে নিয়ে জাগে শঙ্কা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারেদেস জানান, কিছু দিন ধরে অস্বস্তিবোধ করছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার নিশ্চিত হয়, পেশির চোটে ভুগছেন তিনি। পারাদেস বলেন, ‘সপ্তাহজুড়েই হ্যামস্ট্রিংয়ে সমস্যায় ভুগছিলাম আমি। কিন্তু এই ম্যাচ মিস করার সুযোগ ছিল না, আমি বসে থাকতে চাইনি। কোচ আমাকে বলেছিলেন নিজের যত্ন নিতে, নিজের প্রতি সৎ থাকতে। এটা এমন ম্যাচ নয়, যেটাতে আমি বাইরে থাকতে পারতাম।’
চিকিৎসকদের ধারণা, সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগবে পারদেসের। এতে নিশ্চিতভাবেই হন্ডুরাস (৬ জুন) ও আইসল্যান্ডের (৯ জুন) বিপক্ষে প্রীতি ম্যাচে খেলা হবে না বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরুর ম্যাচেও তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170735