নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : চোটের কারণে নেইমার জুনিয়রকে ছাড়াই পানামার বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শুরুর একাদশ ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। শনিবার (৩০ মে) রিও ডি জেনিরোর তেরেসোপোলিসে গ্রাঞ্জা কোমারিতে এক সংবাদ সম্মেলনে তিনি একাদশ ঘোষণা করেন এবং নেইমারের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।
রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় মারাকানা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। বিশ্বকাপের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে এটিই ঘরের মাঠে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। নেইমারের চোটের কারণে তাকে ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি। তবে আনচেলত্তি জানিয়েছেন, কোচিং স্টাফের আশা বিশ্বকাপের শুরু থেকেই পুরোপুরি ফিট নেইমারকে পাওয়া যাবে। মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ কিংবা তার পরের ম্যাচেই তিনি ফিরতে পারেন বলেও ইঙ্গিত দেন ব্রাজিল কোচ।
তিনি আরও জানান, বর্তমান স্কোয়াডে আপাতত কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই এবং বিশ্বকাপের জন্য নির্বাচিত খেলোয়াড়দের নিয়েই এগোতে চান তিনি। একাদশ ঘোষণার পর আনচেলত্তি বলেন, আমাদের সমর্থকদের এবং স্টেডিয়ামকে বিদায় জানানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। শনিবার সকালে গ্রাঞ্জা কোমারিতে দলের শেষ অনুশীলন সেশন পরিচালনা করেন ব্রাজিল কোচ। পরে বিকালে দল রিও ডি জেনিরোর উদ্দেশে রওনা দেন। প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি দিনই ভালো যাচ্ছে। পরিশ্রমী ও পেশাদার খেলোয়াড়দের নিয়ে কাজ করতে পেরে আমি খুশি। প্রস্তুতি এখন পর্যন্ত ভালো, সামনে আরও সময় আছে।
পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ : আলিসন বেকার (গোলকিপার), ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনিয়া, রাফিনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170727