রংপুরের তারাগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই বন্ধুর 

রংপুরের তারাগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই বন্ধুর 

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ঈদের ছুটিতে বাড়িতে এসে নদীতে গোসল করতে নেমে দুই কিশোর বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকার যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার কিসামত মেনানগর তেলিপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে অহিদ ইসলাম (১৪) এবং একই গ্রামের নুর হোসেনের ছেলে মাসুদ রানা (১৫)। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসে ঈদের পরের দিন বেলা ১১টার দিকে ওই গ্রামের ৫ সমবয়সী কিশোর বন্ধু মিলে প্রায় তিন কিলোমিটার দূরে যমুনেশ্বরী নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে বন্ধু মিলে আনন্দ-উল্লাস করার এক পর্যায়ে তারা নদীর পানির স্রোতে গভীর পানিতে ডুবে যায়। পরে নদীর এলাকার লোকজন টের পেয়ে বেশ কয়েকজন তাদের উদ্ধার চেষ্টা করেন। দীর্ঘ চেষ্টার পর তারা তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এরপর দুপরের দিকে নদী থেকে মৃত অবস্থায় অহিদকে এবং কিছু সময় পর মাসুদ রানাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইউপি সদস্য মজুমদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গ্রামের বেশ কয়েকজন কিশোর ঢাকায় বিভিন্ন পেশায় কাজ করে। ওইদিন তারা ৫ বন্ধু মিলে নদীতে গোসল করতে গিয়ে তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।  তারাগঞ্জ থানার এস আই ফয়সাল রেজা জানান, নদীতে গোসলে নেমে দুই কিশোররে মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170718