দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই মেধাবী ছাত্র নিহত হয়েছেন। গতকাল (৩০ মে) শনিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের দশমাইল হাইওয়ে থানার সামনে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গারোডাঙ্গী ব্রিজের আগে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাণীরবন্দরের দিনাজপুর গাওসুল আযম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. আশরাফুল খালেদ সাগরের একমাত্র ছেলে, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) এবং তার বন্ধু উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়ার দুলাল হোসেনের ছেলে রিয়াদ (১৮) মোটরসাইকেলযোগে সৈয়দপুর থেকে রানীরবন্দর আসার পথে বিপরীত দিক দশমাইল থেকে সৈয়দপুরগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই ছাত্র গুরুতর আহত হলে স্থানীয়রা ও পরিবারের লোকজন দ্রুত তাদের রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাদের মৃতু ঘোষণা করেন। 

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নির্মল চন্দ্র মোহন্ত বলেন, প্রাইভেটকার ও মোটরসাইকেল থানার হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের আবেদন করলে দ্রুত মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170713