‘ইরানে থাকা উচিত হয়নি’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরাকে যাওয়া যেমন উচিত হয়নি, তেমনি ইরানেও তাদের থাকা উচিত ছিল না। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ না থাকলে ইরান এখন পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরাক যুদ্ধের সমালোচনা করে বলেন, ‘ইরাকে আমরা খুব খারাপ কাজ করেছি। এটি ছিল অত্যন্ত বোকামিপূর্ণ সিদ্ধান্ত। শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি।’এরপর ইরান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ইরানেও থাকা উচিত হয়নি। কিন্তু ইরানে যদি নয় মাস আগে আমরা বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তাহলে তারা এখন পারমাণবিক অস্ত্র পেয়ে যেত।’
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কঠোর ব্যবস্থা নেয়নি।তিনি বলেন, ‘আমরা তাদের সামরিক বাহিনীকে অনেকটা অক্ষত রেখেছি, কারণ আমাদের ধারণা তারা তুলনামূলকভাবে সংযত। তবে অন্য কিছু গোষ্ঠী রয়েছে, যারা সংযত নয়। আমরা সেসব নেতৃত্বকে সরিয়ে দিয়েছি।’
ট্রাম্পের ভাষ্য, অতীতে যুদ্ধে এমন ভুল হয়েছে, যেখানে একটি দেশের পুরো কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে দেশটি দীর্ঘ সময় ঘুরে দাঁড়াতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই ইরানের ক্ষেত্রে ভিন্ন কৌশল নেওয়া হয়েছে বলে তিনি ইঙ্গিত দেন।
তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170711