আজ শেষ হচ্ছে ঈদের ছুটি, কাল থেকে খুলবে অফিস-আদালত, ব্যাংক
পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি শেষ হচ্ছে আজ রবিবার। আগামীকাল সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান এবং দেশের পুঁজিবাজার।
গত ১৪ মে ঈদুল আজহার জন্য ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করে সরকার।
সরকার ঘোষিত এই ছুটি শেষ হচ্ছে আজ রবিবার। ছুটি শেষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে। ঈদের আগে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে স্বাভাবিক লেনদেন চলবে দেশের সব ব্যাংকে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও শুরু হবে নিয়মিত লেনদেন।
এদিকে ঈদের ছুটি শেষে ফিরতি যাত্রা শুরু হয়েছে রাজধানীমুখী মানুষের। শনিবার ও রবিবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরতে দেখা গেছে কর্মজীবী মানুষকে। তবে এখনো যাত্রীর চাপ দেখা যায়নি সড়কে। অনেক বাস আসছে অর্ধেক যাত্রী নিয়ে।
তবে প্রতি বছরের মতো এবারও ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মব্যস্ততা তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। ব্যাংকপাড়ায়ও প্রথম কর্মদিবসে সাধারণত জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনের চাপ কম থাকে। তবে ছুটির পর জমে থাকা বিভিন্ন আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য সপ্তাহজুড়ে ব্যস্ততা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170703