প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস

ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আকস্মিক এই উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন খাতে বিদ্যমান অনিয়ম, চাঁদাবাজি, বাজার সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীর প্রতি ছদ্মবেশে মাঠপর্যায়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে সারজিস আলম এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকার দুই সিটি করপোরেশনে বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রকৃত অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার চিত্র সামনে এলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।

সারজিস আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতির জন্য শুধু কয়েকজন ব্যক্তি নয়, একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দায়ী। তারপরও সমস্যার বাস্তব অবস্থা জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের উদ্যোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রকৃতপক্ষে যে সামষ্টিক সিস্টেম এটার জন্য দায়ী, তারা সবাই শাস্তি না পেলেও এই উদ্যোগ প্রশংসনীয়। এজন্য জনাব তারেক রহমানকে ধন্যবাদ।

এনসিপির এই নেতা মনে করেন, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নাগরিক সেবার মান উন্নয়নে শীর্ষ পর্যায়ের এমন আকস্মিক পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলা আরও কিছু গুরুত্বপূর্ণ সমস্যার দিকেও সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

পোস্টের শেষাংশে সারজিস আলম চাঁদাবাজি, একইভাবে চাঁদাবাজি, সিন্ডিকেট, মাদক-ব্যবসাসহ দলীয় নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহারের প্রজেক্টগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে অভিজ্ঞতা গ্রহণের আহ্বান করছি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170691