ডাকাতিয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে সাঁতরে ডাকাতিয়া নদী পার হওয়ার সময় নিখোঁজ কলেজছাত্র আব্দুল্লাহ মোহাম্মদ শিহাবের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর ডুবুরি দল আজ শনিবার (৩০ মে) সকালে মরদেহটি উদ্ধার করে।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রায়কোট ইউনিয়নের নারান্দিয়া এলাকায় সে নিখোঁজ হয়।
শিহাব ওই গ্রামের জহিরুল মজুমদার শিপন ও তাসলিমা দম্পতির একমাত্র ছেলে। সে চট্টগ্রামের নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, শিহাব তার মা-বাবার সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়ি আসে। শুক্রবার দুপুরে তারা তিন বন্ধু নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের নারান্দিয়া গ্রাম দিয়ে ডাকাতিয়া নদী সাঁতরে পার হয়ে চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের ঝাকজুর গ্রামে আসে। সেখানে গাছ থেকে তাল পেড়ে আঁটি খায় তারা। এরপর আবারও সাঁতরে তারা নদী পার হওয়ার চেষ্টা করে। মাঝনদীতে শিহাব ডুবে যায়। এ সময় দুই বন্ধু সাঁতরে নদী পার হয়ে যায়। খবর পেয়ে নারান্দিয়া ও চৌদ্দগ্রাম এলাকার লোকজন শিহাবকে খুঁজতে নদীতে নামে। তবে তারা কোনো সন্ধান পায়নি। পরে চাঁদপুরে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল দীর্ঘ তল্লাশি শেষে সন্ধ্যা পর্যন্ত শিহাবকে উদ্ধার করতে না পেরে কার্যক্রম স্থগিত করে। পরে আজ শনিবার সকাল ৭টায় ডুবুরি দল আবারও উদ্ধার করতে কার্যক্রম শুরু করে। এ সময় তার লাশ উদ্ধার করা হয়।
শিহাবের বাবা কিষোয়ান গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) জহিরুল ইসলাম শিপন বলেন, ‘ঈদের ছুটিতে আমি একমাত্র ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে আসি। শুক্রবার দুপুরে তারা তিন বন্ধু তাল খেতে ঘর থেকে বের হয়। পরে লোকজনের মাধ্যমে জানতে পারলাম, আমার ছেলে সাঁতরে নদী পার হওয়ার সময় নিখোঁজ হয়েছে।’ কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি ঈদ করতে এসে আমার একমাত্র আদরের সন্তানকে কোরবানি দিয়ে দিলাম।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘বিষয়টি আমি প্রথমে লোক মারফত শুনে ঘটনাস্থলে আসি। শুক্রবার চাঁদপুর থেকে আসা ডুবুরি দল শিহাবের মরদেহ উদ্ধারের চেষ্টা করে। আজ শনিবার সকালে তাঁরা আবারও উদ্ধার শুরু করেন। এ সময় শিহাবের লাশ উদ্ধার করা হয়।