বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা জাপানি রাষ্ট্রদূতের
বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীরা অসাধারণ নিষ্ঠা ও সাহসিকতা পরিচয় দিয়ে আসছেন। কখনো কখনো জীবন উৎসর্গও করছেন।
তাই বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
আজ শুক্রবার (২৮ মে) জাতিসংঘ শান্তিরক্ষী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের দূতাবাসের এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য ও পুলিশ সদস্য পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করে বাংলাদেশি শান্তিরক্ষীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে গত বছর সুদানে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর কথাও উল্লেখ করা হয়। রাষ্ট্রদূত তাদের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এটি মানবতার প্রতি সর্বোচ্চ অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হবে।
একই সঙ্গে বাংলাদেশসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে জাপানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170621