কানাডায় ভালুকের হামলায় নিহত মার্শাল আর্ট খেলোয়াড়
কানাডায় ভালুকের হামলায় মিক্সড মার্শাল আর্টের উঠতি খেলোয়াড় ভারতীয় যুবক ঋষিকেশ কোলোথের মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, কানাডার উত্তর সাসকাচোয়ানের প্রত্যন্ত অঞ্চলে ইউরেনিোম খনির অনুসন্ধান চালাচ্ছে কানাডা সরকার। সেখানে মার্শাল আর্টের প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তিকর্মী হিসেবে কাজ করছিলেন কেরালার বাসিন্দা ২৭ বছরের ওই যুবক। কাছের নর্ডবাই হ্রদের ধারে আচমকা ভালুকের হামলায় ক্ষতবিক্ষত হন ঋষিকেশ। অতিরিক্ত রক্তপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তথ্য মতে, বছরতিনেক আগে কানাডায় যান ঋষিকেশ। ব্রিটিশ কলাম্বিয়ার পেন্টিকটনের বাসিন্দা তার দাদা অর্জুন। সেখানে দাদার সঙ্গে থেকে মার্শাল আর্টের পাশাপাশি কানাডার সংস্থার হয়ে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছিলেন তিনি।
সাসকাটন থেকে ৮৫০ কিলোমিটার উত্তর-পূর্বের নির্জন বনাঞ্চলের নর্ডবে হ্রদ।
এই অঞ্চলে ভালুকের উপদ্রব নতুন কথা নয়। তবে হঠাৎ করেই বিরাট চেহারার প্রাণীটি ঋষিকেশের ওপরে হামলা চালায়। কাছেই থাকা ইউরেনিয়াম অনুসন্ধান প্রকল্পের আরেক কর্মী ভালুকটিকে গুলি করেন। যদিও ততক্ষণে মারা যান ওই ভারতীয় যুবক।
ইউরেনিয়াম এক্স ডিসকভারি করপোরেশনের সিইও এসেন বোল্ডখু শোকবার্তায় জানিয়েছেন, ‘এই মর্মান্তিক ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত।
আমাদের কর্মচারী, ঠিকাদার এবং প্রকল্পে কর্মরত সব কর্মীর নিরাপত্তা ও কল্যাণে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার আছে এবং তা সর্বদাই থাকবে।’ যদিও প্রশ্ন উঠছে, নিরাপত্তা গাফিলতি না থাকলে ঋষিকেশের মৃত্যু হলো কিভাবে?
এদিকে ভারতীয় যুবকের মৃত্যুতে শোকগ্রস্ত তার পরিবার। দাদা অর্জুন বলেন, ‘পেন্টিকটনের স্কোডেন মার্শাল আর্ট থেকে প্রশিক্ষণ নেয় ভাই। ও একটা স্বপ্ন দেখছিল। এভাবে সব কিছু শেষ হয়ে যাবে ভাবতে পারিনি।’
বন্যপ্রাণী ও মানুষের ওপর আক্রমণ প্রতিরোধকারী সংস্থা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এবং সাসকাচোয়ান করোনাস সার্ভিস ঋষিকেশের মৃত্যুর যৌথ তদন্ত করছে।