ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী আয়ান ও ৩ মাস বয়সী আব্দুল্লা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আয়ান রাজবাড়ীর সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজা শেখের ছেলে ও আব্দুল্লাহ ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি গ্রামের কামরুল মোল্লার ছেলে।
এখন জেলার বিভিন্ন হাসপাতালে নতুন ৩০ শিশুসহ ১২৯ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
আজ শুক্রবার (২৯ মে) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জ্বর, সর্দি-কাশি ও হাম উপসর্গ নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনসহ হাসপাতাল দুটিতে ১২৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত হাম উপসর্গে জেলায় ১ হাজার ৭৩১ রোগী চিকিৎসা নিয়েছে।
এ বছর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন ৩০টি শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩টি শিশু।
তিনি বলেন, হাম প্রতিরোধে হাসপাতালগুলোতে চিকিৎসা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে হামের উপসর্গ দেখা দিলেই দ্রুত শিশুকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। টিকাদান কর্মসূচির আওতায় সব শিশুকে আনতে হবে বলেও জানান তিনি।