রাত দুইটার মধ্যেই রাজধানী বর্জ্যমুক্ত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাত দুইটার মধ্যেই রাজধানী বর্জ্যমুক্ত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
পবিত্র ঈদুল আজহার দিন রাত দুইটার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাকে কোরবানির পশুর বর্জ্য থেকে সম্পূর্ণ মুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই লক্ষ্যমাত্রা অর্জনে বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১২টার পর থেকেই দুই সিটি করপোরেশন একযোগে আনুষ্ঠানিক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে।
 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর-১২ সেকশনের ডাম্পিং স্টেশন এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই বিশেষ নির্দেশনার কথা জানান।
 
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, রাজধানীকে দ্রুততম সময়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের আগেই সব বর্জ্য অপসারণ করা হবে। পরিচ্ছন্নতার এই বিশাল ও জরুরি কার্যক্রমে দুই সিটির মোট ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারী সরাসরি মাঠে নিয়োজিত আছেন এবং বিভিন্ন ধরনের ৭৫২টি আধুনিক বর্জ্যবাহী যানবাহনের মাধ্যমে বিরতিহীনভাবে এই অপসারণ কার্যক্রম চালানো হচ্ছে।
 
বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘ডিএনসিসি’ প্রশাসক শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তিনি সিটি করপোরেশনের নির্ধারিত স্বাস্থ্যবিধি ও নিয়মাবলি কঠোরভাবে মেনে চলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত বর্জ্য অপসারণে আন্তরিক সহায়তা করার জন্য সকল নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170583