অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে কোরবানির তাৎপর্য বাস্তবায়ন সম্ভব : হুইপ অপু
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে কোরবানির তাৎপর্য বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কোরবানি। ঈদুল আজহার শিক্ষা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার বার্তা দেয়। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই কোরবানির প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে শরীয়তপুরসহ দেশবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। মহান আল্লাহর দরবারে দোয়া করি, সবাই যেন সুস্থ, সুন্দর ও আনন্দে ঈদ উদযাপন করতে পারেন। আজকের এই পবিত্র দিনের মতো সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।
ঈদের এই আনন্দঘন মিলনমেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে অনেকে হুইপের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান করেন।
পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা আত্মত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধ-এমন বার্তাই তুলে ধরেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170534