মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

বর্তমানে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো পরাশক্তির নির্যাতনের কারণে পীড়িত এবং মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে এসেছে। দেশের বৃহৎ একটি অংশ অর্থনৈতিক কারণে কষ্টে রয়েছে।  

আজ বৃহস্পতিবার (২৮ মে) নিজ নির্বাচনি এলাকার ভোলার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ শেষে প্রশাসনের কর্মকর্তা, নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সচ্ছল ও অসচ্ছল সবাই মিলেমিশে সুখ-দুঃখ ভাগাভাগি করে সুন্দর জীবনযাপন করতে পারে—এ জন্য তিনি মহান আল্লাহর রহমত কামনা করেন।

স্পিকার আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। অনেক স্বপ্ন ধারণ করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।  বহু চেষ্টা ও ত্যাগের পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে।  

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সাধারণ মানুষের কল্যাণে সরকার আত্মনিয়োগ করবে।

স্পিকার আরও বলেন, বর্তমানে মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। মানুষ বাকস্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে আর নিগৃহীত হতে হবে না।  এটিই গণতন্ত্রের সুফল। তিনি আশা করেন, বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে এবং ভবিষ্যতে কেউ কাউকে নিপীড়ন করতে পারবে না।

এ সময় লালমোহন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে নিজের জন্মস্থানের মানুষের মাঝে ফিরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনগুলোতে গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170533