ছাত্রদল নয়, পাটওয়ারীকে ডিম মেরেছে শিবির: রাশেদ খান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।
একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে দেশের রাজনীতিকে কলুষিত করছেন উল্লেখ করে রাশেদ খান মন্তব্য করেন, তার ‘জলাতঙ্ক রোগ’ হয়েছে এবং তাকে 'ভ্যাকসিন দেওয়া দরকার'।
বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১২টায় ঝিনাইদহের কালীগঞ্জে নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে রাশেদ খান এসব কথা বলেন।
সংবাদ ব্রিফিংয়ে রাশেদ খান বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জামায়াত ও শিবিরের রাজনীতিকে সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি তার ওপর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট করে বলেন, তাকে (নাসীরুদ্দীন) ছাত্রদল নয়, বরং শিবির ডিম নিক্ষেপ ও হামলা করেছে।
বক্তব্যের একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে রাশেদ খান আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে চলেছেন। সে দেশের রাজনীতিকে কলুষিত করছে। তাঁর রাজনৈতিক আচরণের সমালোচনা করে তিনি অবিলম্বে তার চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
কালীগঞ্জের এই প্রেস ব্রিফিংকালে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170478